
বার্তা৭১ ডটকমঃ ভারত ও বাংলাদেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই এবং আরো কয়েকটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সমঝোতা স্মারক সই হয়।
শনিবার বিকেল ৫টায় নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। এ সময় তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী কার্যালয়ে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এরপর দুই নেতার উপস্থিতিতে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়। কয়েকটি প্রকল্প উদ্বোধন হয় এবং ১০৯টি অ্যাম্বুলেন্স ও ১২ লাখ করোনা টিকা হস্তান্তর হয়।
বৈঠকে ঢাকা-নিউ জলপাইগুড়ি ‘মিতালী’ এক্সপ্রেস ট্রেনসহ কয়েকটি প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে। দুই দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক সই হয়েছে।
এছাড়া বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য, বাণিজ্য, সংযোগ, শক্তি, উন্নয়ন সহযোগিতা এবং আরো অনেক ক্ষেত্রে অর্জনের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।










