
বার্তা৭১ ডটকমঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বরিশালের বিষয়টি একান্তই স্থানীয়। সেখানে দ্রুত আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এতে বেরিয়ে আসবে আসলে কী ঘটেছিল। এর আগে আসলে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না।
রবিবার (২২ আগস্ট) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বরিশালে ইউএনও’র বাসভবনে হামলার পর উদ্ভূত পরিস্থিতি একটি ‘স্থানীয় ঘটনা’ ও ‘বিচ্ছিন্ন বিষয়’।
আওয়ামী লীগের মেয়রকে আসামি করা হয়েছে এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হলো কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি স্থানীয় ও বিচ্ছিন্ন বিষয়। মামলা যে কারো বিরুদ্ধেই হতে পারে। এর আগে অনেক মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে। এটি প্রথম নয়, বহু মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হলে সেটি তদন্তে বেরিয়ে না আসা পর্যন্ত এটি নিয়ে কিছু বলাও সমীচীন নয়।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনের বিবৃতি ও সার্বিকভাবে কোনো সংকট আছে কি না তা জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই কোনো সংকট নেই। তবে অ্যাসোসিয়েশনের বিবৃতিটা চটজলদি হয়েছে।’










