
করোনাভাইরাসের টিকা না নিলে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব একথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
তিনি জানান, করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার রোধে টিকা সনদ ছাড়া হোটেল-রেস্টুরেন্টের মতো শপিংমলেও প্রবেশ করা যাবে না। একই সঙ্গে বাস, ট্রেন, প্লেন, লঞ্চেও চলাচল করা যাবে না। এই ঘোষণা দু-একদিনের মধ্যে আসবে বলে জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, সব ধরনের অনুষ্ঠান সীমিত করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া করোনা সংক্রমণ আরো বৃদ্ধি পেলে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত নেয়া হবে।
বুস্টার ডোজ নিয়ে তিনি বলেন, বুস্টার ডোজ দেয়ার বয়সসীমা ৬০ থেকে কমানো হবে। ফ্রন্টলাইনাররা সবাই শিগগিরই বুস্টার ডোজ পাবেন।












