
চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও গাড়িচালক এস এম ফরহাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন আসামীদের আদালতে হাজির করে পুলিশ। এরপর কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন উপপরিদর্শক চুন্নু মিয়া।
এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার বলেন, পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে হত্যা করা হয়েছে। হত্যার দায় স্বীকার করেছেন তার স্বামী সাখাওয়াত আলী নোবেল। অভিনেত্রীর লাশ গুম করতে তাকে সহায়তা করেন বন্ধু ফরহাদ।
তিনি বলেন, নোবেল ও ফরহাদকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তথ্যপ্রমাণের ভিত্তিতে ও ব্যাপক জিজ্ঞাসাবাদে শিমু হত্যায় এ দুজনের সংশ্লিষ্টতার পাওয়া গেছে। বিভিন্ন পারিবারিক বিষয় কেন্দ্র করে স্বামী নোবেলে সঙ্গে শিমুর দাম্পত্য কলহ শুরু হয়। সেই কলহের জেরে রবিবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো সময় শিমুকে হত্যা করা হয়।
মারুফ হোসেন সরদার আরো বলেন, যে গাড়ি ব্যবহার করে শিমুর লাশ গুমের চেষ্টা করা হয়েছে সে গাড়ি জব্দ করে থানায় নিয়েছে পুলিশ। অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর এই হত্যার মূল রহস্য উৎঘাটিত হলো।










