বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাসী ও জঙ্গিবাদের অভয় অরণ্যের দাতা হিসেবে এদেশের জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে তারা এখন পথহারা পথিকের নেয়।
রোববার রাজধানীর খিলগাঁও স্বেচ্ছাসেবক লীগের তিনটি থানার ১২টি ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয় এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে।
বাংলাদেশ আওয়ামী লীগ পাল্টাপাল্টির রাজনীতি করে না জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে, জনগণেরই সমর্থন ও এদেশের জনগনের কল্যাণে কাজ করে।
এ সময় বিএনপি নেতাদের সম্প্রতি সময়ে দেয়া বক্তব্যের জবাবে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন,
বাংলাদেশ আওয়ামী লীগ (আমরা) এতিম হই নাই, তোমরা (বিএনপি-জামায়াত) এতিম হয়ে গেছো। আমরা দিশেহারা হই নাই, তোমরা পথহারা হয়ে গেছো। তোমরা তোমাদের নিজেদের অস্তিত্ব বিপন্ন করে ফেলেছ, কারন বাংলাদেশের মানুষের আস্থায় তোমরা নাই, তোমাদের দুর্নীতি, স্বজনপ্রীতি, তোমাদের সন্ত্রাসী কর্মকান্ড, অগ্নিসন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারার রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।
বিএনপি’র অবস্থান শুধু বাংলাদেশের মানুষের কাছে নয়, বিশ্বের কোথাও তোমাদের জায়গা হবে না। তাই আমরা এতিম হই নাই বরং তোমরা মিসকিন হয়ে গেছো আর এ কারনেই বিদেশি প্রভুদের কাছে ধরনা দেও, নালিশ করো এবং বিদেশি গিয়ে দেশকে অসম্মানিত করো।
গণতন্ত্র শক্তিশালী করতে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আদর্শকে ধারন করে এগিয়ে যাবে মন্তব্য করে নাছিম বলেন, সংবিধান অনুযায়ী এদেশের নির্বাচন কমিশন যে নির্বাচন দেবে, সেই নির্বাচনে আমরা অংশগ্রহন করবো।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ব্যক্ত করে বাহাউদ্দিন নাছিম বলেন, সব রাজনৈতিক দলকে নির্বাচনে আসার আহ্বান জানাবো, ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে সব দলই অংশ নেবে।
যদি কেউ সুষ্ঠু, অবাধ অংশগ্রহনমূলক নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, সন্ত্রাসী কার্যক্রম করে এবং বাংলাদেশকে ক্ষতি করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে দেশের সচেতন নাগরিকদের নিয়ে সতর্ক অবস্থানে থাকবো এবং আমরা তাদের প্রতিহত করবো।
এসময় বাহাউদ্দিন নাছিম বলেন,
বাংলাদেশ আওয়ামী লীগ সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না, ষড়যন্ত্রের রাজনীতির সাথে আওয়ামী লীগ কখনো জড়িতও ছিল না। আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস, লড়াই সংগ্রামের ইতিহাস। বাংলাদেশ আরও এগিয়ে যাচ্ছে, উন্নয়ন সমৃদ্ধির পথে হাটছে যার নেতৃত্ব দিচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যদি সততার পথে চলি, সঠিক পথে হাটি, নিয়ম শৃঙ্খলা রক্ষা করি, তাহলে কোন অশুভ শক্তি বাংলাদেশের বিপক্ষে দাড়াতে পারবে না।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণে সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা ৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারিখ সাঈদ।












