
বার্তা৭১ ডটকমঃ
হাঙ্গেরির প্রেসিডেন্ট হানোস আদেরের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুদাপেস্টে আন্তর্জাতিক পানি সম্মেলনে বক্তব্য রাখার পর সোমবার বিকেলে স্যান্ডার প্যালেসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে চিকিৎসা, প্রযুক্তি ও কৃষি বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নতুন বৃত্তি কর্মসূচি প্রবর্তনের প্রস্তাব দিয়েছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস আদের।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আজ আনুষ্ঠানিক বৈঠকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান এই বৃত্তি কর্মসূচি ঘোষণা করবেন।
প্রেসিডেন্ট আদের মৎস্যচাষ (পিসিকালচার) এবং জলজ উদ্ভিদ ও জীব-জন্তুর বংশ বিস্তারের (একুয়াকালচার) ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবেন। এছাড়াও বৈঠকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সহায়তার ধরনের বিষয়ে জানতে চান ইউরোপের দেশটির রাষ্ট্রপ্রধান।
দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ কী করছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব বাংলাদেশ কীভাবে মোকাবেলা করছে, তা জানতে চান আদেরে।
বৈঠকে শেখ হাসিনা হাঙ্গেরির রাষ্ট্রপ্রধানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি এই আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের প্রতিশ্রুতি দেন।
১৯৭১-এ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে সমাজতান্ত্রিক হাঙ্গেরির অবদানের কথাও স্মরণ করেন শেখ হাসিনা। হাঙ্গেরি ইউরোপের প্রথম দেশ হিসাবে ১৯৭২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
স্বাধীনতার পর বাংলাদেশে হাঙ্গেরির দূতাবাস ছিল। সেসময় দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন দ্বার উন্মোচিত হতে থাকলেও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এই সম্পর্কে আর বেশি দূর এগোয়নি। অন্যদিকে হাঙ্গেরিতেও দুই যুগ আগে সমাজতন্ত্রের অবসান ঘটে।










