
বার্তা৭১ ডটকমঃ একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হয়েছে। যা এ বছরের চতুর্থ অধিবেশন। আগামী চার কার্যদিবস পর্যন্ত চলবে এ অধিবেশন।
বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অধিবেশনের শুরুতেই পাঁচ সদস্য বিশিষ্ট সভাপতিমণ্ডলী নাম ঘোষণা করা হয়। তারা হলেন-শহীদুজ্জামান সরকার, শামছুল হক টুকু, মমিন মন্ডল, আনিসুল ইসলাম মাহমুদ ও শেখ এ্যানী রহমান। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা নামের অগ্রবর্তী তালিকা অনুযায়ী অধিবেশনে সভাপতিত্ব করবেন।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক দেশবরেণ্য গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীরসহ একাদশ জাতীয় সংসদের কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। গত ১৩তম অধিবেশন শেষ হওয়ার পর এই ১৪তম অধিবেশন শুরুর আগ পর্যন্ত যেসব বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন তাদের প্রতি শোক ও দুঃখ প্রকাশ করে তাদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থাপিত শোক প্রস্তাবের উপর আলোচনা শুরু হয়।











