
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। তবে দেশে এখনো করোনা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। করোনা নিয়ন্ত্রণে টিকার একটি বড় ভূমিকা রয়েছে।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সবার জন্যই টিকার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রেজিস্ট্রেশন থাকুক বা না থাকুক ভোটার আইডি কার্ড নিয়ে টিকা কেন্দ্রে গেলেই টিকা নেয়া যাবে। যাদের ভোটার আইডি কার্ড নেই তারাও টিকা নিতে পারবেন।
তিনি বলেন, আমাদের দেশে করোনায় মৃত্যুর হার অনেক দিন ধরেই সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। আমেরিকা দুই হাজার, রাশিয়া ১২ থেকে ১৩০০, ইউরোপে চার থেকে ৫০০ ও ভারত দুই থেকে ৩০০ জন প্রতিদিন করোনায় মারা যাচ্ছেন। আমাদের এখন টিকা নেয়ার পাশাপাশি সব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বিদ্রোহীদের হুশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, দলের মনোনীত প্রার্থীর বিরোধিতা করা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাথে বিরোধিতা করা। এই বিরোধিতাকারীদের বরদাস্ত করা হবে না। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে।
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।












