
বার্তা৭১ ডটকমঃ নেদারল্যান্ডসে অবস্থিত সৌদি দূতাবাস লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। দেশটির স্থানীয় সময় ১২ নভেম্বর সকাল ৬টার আগে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বলছে, এই ঘটনায় এখনো কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যায়নি।
রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে কিছুই জানা যায়নি। হামলার পর ঘটনাস্থলে বেশ কয়েকটি গুলির খোসা পাওয়া যায়। ডাচ টিভিতে দেখানো হয়েছে, গুলির আঘাতে জানালায় ছিদ্র হয়ে যাওয়ার ছবি।
ডাচ পুলিশ জানিয়েছে, এই ঘটনার বিষয়ে তদন্ত চলছে। কারা এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়টি এখানো স্পষ্ট নয়। হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এর আগে গতকাল সৌদি আরবের জেদ্দায় বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণে আয়োজিত স্মরণসভায় বোমা হামলার ঘটনা ঘটে। এর এক দিন পরই ঘটলো নেদারল্যান্ডসে অবস্থিত সৌদি দূতাবাসে গুলির ঘটনা। সূত্র: রয়টার্স।









