
জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই আগামী নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে ক্ষমতায় থাকবেন। বিএনপি এবং তার দোসররা দেশে-বিদেশে যতই ষড়যন্ত্র করুক না কেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করতে পারবেনা। বাঙালি জাতি পরপর তিনবার আওয়ামী বিরোধী শক্তিকে প্রত্যাখ্যান করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। আর বাংলাদেশের রাজনীতিকদের দৌড়ানি খাওয়ার ইতিহাস বিএনপি এবং তাদের পূর্বসূরী নেতাদেরই রয়েছে।
রেজা কিবরিয়া আর মাহমুদুর রহমান মান্নাদের এদেশের মানুষ পানিতে চুবাবে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের জন্য।
বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগরীর ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এ কথা বলেন।
ড۔ সেলিম মাহমুদ বলেন, বিএনপি এবং তার সহযোগীরা ষড়যন্ত্র করে ২০০৭ সালে ব্যর্থ হয়েছে। ২০০৮ এর নির্বাচনে নিরঙ্কুশ ভাবে পরাজিত হয়েছে। তারা ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচন, গণতন্ত্র ও সংবিধানকে প্রতিহত করার লক্ষ্যে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে সর্বশক্তি নিয়োগ করেও পরাস্ত হয়েছে। ২০১৮ সালের নির্বাচনেও দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র সত্বেও নিরঙ্কুশভাবে পরাজিত হয়েছে।
গত ১০ বছরেরও বেশি সময় ধরে বিদেশে লবিস্টদের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে। দেশবিরোধী এই শক্তি আবার পুরনো ষড়যন্ত্রে মেতে উঠেছে।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বলেন, এদেশে স্বাধীনতা থেকে শুরু করে বাঙালি জাতি আজ পর্যন্ত যা কিছু পেয়েছে, তার প্রত্যেকটি জাতির পিতা এবং তাঁর কন্যা শেখ হাসিনার কারণে পেয়েছে।
আওয়ামী লীগ বিরোধী শক্তি হত্যা, ক্যু, ষড়যন্ত্র, অগ্নি সন্ত্রাস, লুটপাট এবং নাশকতা ছাড়া জাতিকে আর কিছুই দিতে পারেনি। তাই এদেশের মানুষ উদগ্রীব হয়ে আছে শেখ হাসিনাকে আবার ভোট দেয়ার জন্য।
ড. সেলিম বলেন, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে মনোবল চাঙ্গা রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ দেশের সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবেন। বাংলাদেশে এমন কোন শক্তি নেই শেখ হাসিনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারে। শেখ হাসিনার সরকারকে উৎখাত করার মত শক্তি সামর্থ কারো নেই ইনশাল্লাহ।
রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগকে দরকার আওয়ামী লীগের জন্য নয়। এদেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি আর উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, সেটি বাস্তবায়নের জন্যই আওয়ামী লীগের ক্ষমতায় থাকার দরকার। বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যত প্রজন্মের জন্য শেখ হাসিনার ক্ষমতায় থাকা দরকার।
তিনি বলেন, এই মুহূর্তে আমাদের চাওয়া একটাই- জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাতে আরো বহু বছর আমাদের মাঝে বেঁচে থাকেন এবং এদেশের মানুষের জন্য কাজ করতে পারেন। আমাদের সবার এখন এই দোয়াই করা উচিত।
ঢাকা মহানগর দক্ষিণের ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা আজম এমপি।
উদ্বোধনী বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ্ব আবু আহমেদ মান্নাফী। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ কাজী মনিরুল ইসলাম মনু সহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম।











