
বার্তা৭১ ডটকমঃ দেশবিরোধী একটি মহল সরকার হটানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার (১ মার্চ) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
কাদের বলেন, সরকার যখন দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে। তখন দেশবিরোধী একটি মহল সরকার হটানোর ষড়যন্ত্র করছে।
ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, বিএনপি পুলিশকে প্রতিপক্ষ বানিয়েছে। তারা আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা শুরু করেছে। যে কোনো নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দিতে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ইউপি নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত প্রমাণ করে তারা তাদের নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। দুর্নীতি ও সংঘাত ছাড়া বিএনপি জনগনকে কিছুই দিতে পারেনি। যে কারণে জনগন মুখ ফিরিয়ে নিয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগকে বাঁচাতে দলকে আরো শক্তিশালী করতে হবে। সুবিধাবাদীদের হাত থেকে আওয়ামী লীগকে রক্ষা করতে হবে। ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। বিতর্কিতদের দলে রাখা যাবে না।










