
বার্তা৭১ ডটকমঃ বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল হয়েছে। প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাইফুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করে সেনাসদরে নিয়ে আসা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি থেকে তিনি ডিজিএফআই -এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
রবিবার (৪ জুলাই) এক আদেশে বলা হয়েছে, সাইফুল আলম কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব গ্রহণের সময় থেকে তার পদোন্নতি কার্যকর হবে।
গত মাসে বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্ব পাওয়া জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর আগে সেনাসদরের কিউএমজি ছিলেন। তার পদোন্নতির পর সেই দায়িত্ব পেলেন মেজর জেনারেল মো. সাইফুল আলম।
২০২০ সালের ফেব্রুয়ারিতে ডিজিএফআইয়ের মহাপরিচালক হওয়ার আগে তিনি বগুড়ায় সেনাবাহিনীর একাদশ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দেন। তার আগে ৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং বরিশালের এরিয়া কমান্ডার ছিলেন। বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির চতুর্দশ লং কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন পাওয়া সাইফুল আলম ‘সোর্ড অব অনার’ ও ‘একাডেমিক গোল্ড মেডেল’ বিজয়ী।











