
বার্তা৭১ ডটকমঃ চট্টগ্রামের ব্যবসায়ীর ২০টি স্বর্ণের বার ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ছয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) বিকালে ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকালে ওই ছয় পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়।
বরখাস্তকৃতরা হলেন, ফেনী ডিবির ওসি সাইফুল ইসলাম ভূইয়া, এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, এএসআই অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা।
এর আগে দুপুরে ফেনীর সিনিয়র ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খানের আদালতে হাজির করে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মনির হোসেন।
আদালত সাইফুল ইসলাম ভূইয়াকে ৪ দিন ও বাকিদের ৩ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
রোববার (৮ আগস্ট) বিকালে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি। এ সময় তিনি ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পরিচয়ে তার গাড়ি থামিয়ে সঙ্গে থাকা ২০টি স্বর্ণের বার নিয়ে যান তারা।
এ ঘটনায় ফেনীর এসপি খন্দকার নুরুন্নবী বরাবর লিখিত অভিযোগ করেন ওই ব্যবসায়ী। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রথমে চারজনকে ও পরে তাদের জবানবন্দি অনুযায়ী আরও দুজনকে আটক করা হয়।
মঙ্গলবার রাতে তাদের নামে ফেনী মডেল থানায় মামলা দায়েরের পর ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।











