
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে ওয়াশিংটন ডিসি সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বুধবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড মোমেন বলেন, আজ সকালে আমি এই আমন্ত্রণ সম্পর্কে জানতে পেরেছি।
তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দফতর ওয়াশিংটনের বাংলাদেশ মিশনের মাধ্যমে এক বার্তায় এই আমন্ত্রণ জানিয়েছে। ব্লিংকেন গত ডিসেম্বরে এক ফোনালাপকালে এই বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন। ওই সময়ে তিনি (ব্লিংকেন) বলেন, এ বছরের বসন্তে ওয়াশিংটন ডিসিতে তিনি আমার সাথে সরাসরি বৈঠকে মিলিত হতে চান।
ঢাকায় এই উদ্যোগ সম্পর্কে অবগত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মার্কিন পররাষ্ট্র দফতরের ওই বার্তায় আরো বলা হয়েছে যে, মোমেনের সুবিধাসম্মত সম্মতিসাপেক্ষে ৪ এপিল ওয়াশিংটন ডিসিতে ব্লিংকেন তার অফিসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছেন।
‘মানবাধিকার লংঘনের’ অভিযোগে বাংলাদেশি অপরাধ-দমন এলিট বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কয়েকজন বর্তমান ও সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা নিয়ে কূটনৈতিক ও গণমাধ্যম তোলপাড়ের মধ্যে এই বর্ষপূর্তির আমন্ত্রণ দেয়া হলো।
এ বিষয়ে মোমেন বলেন, এই ইস্যু নিয়ে দ্বিপাক্ষিক কূটনৈতিক যোগাযোগ হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে র্যাবের অভিযান সম্পর্কে বিস্তারিত অবহিত করে মোমেন ব্লিংকেনকে একটি চিঠি দিয়েছেন। ৭৩ জন মার্কিন সিনেটর ও কংগ্রেস সদস্যের কাছে চিঠি পাঠানো হয়েছে, যারা পররাষ্ট্র বিষয়ক র্যাব ইস্যুর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কংগ্রেস কমিটির সদস্য।










