
পূর্ব ইউক্রেনের বিদ্রোহী অধ্যুষ্যিত স্বঘোষিত রিপাবলিক দোনেস্ক এবং লুহানস্ক থেকে বেসামরিক নাগরিকদের সরানো হচ্ছে। অঞ্চল দুটির নেতারা পৃথক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন।
এর আগে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা অভিযোগ করেছে, ইউক্রেনের সেনাবাহিনী তাদের ওপর গোলা নিক্ষেপ করেছে।
যদিও ইউক্রেন এই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করছে, রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নবাদীরা তাদের সীমানা লক্ষ্য করে গোলা ছুড়ছে।
লুহানস্কের সর্বোচ্চ কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় রিপাবলিকের প্রধান নেতা সাধারণ মানুষজনকে রাশিয়ায় সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। পেশেচিঙ্ক নামে এই কর্মকর্তা বিবৃতিতে, হাতে অস্ত্র ধরার সামর্থ আছে এমন ব্যক্তিদের নিজ ভূমি রক্ষা করারও আহ্বান জানান।
ইউক্রেনের সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় ২৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৩টি শহরে গোলা ছুড়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর আগে একইভাবে দোনেস্কের নেতা দেনিস পুসিলিন ‘ইউক্রেনের আগ্রাসনের মুখে’ নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানান।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অভিযোগ করে বলেছেন, গত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন সীমান্তে তারা যা দেখেছেন— সেটা রাশিয়ার নিছক মিথ্যা উসকানি ছাড়া কিছু নয়। এসব করার মাধ্যমে পুতিন ইউক্রেনে আক্রমণ বৈধ করতে চান বলেও তার অভিযোগ।











