
দেশে মহামারি করোনাভাইরাসে মৃত্যু বেড়েছে প্রায় দ্বিগুণ। মঙ্গলবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৬ জনে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরো ৪৪৬ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন।
এর আগে গতকাল সোমবার (৭ মার্চ) করোনা আক্রান্ত হয়ে আরো ৪ জন মারা যান। এ সময় আরো ৪৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।
এদিকে ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৯ লাখ ৭৯ হাজার ৯৭৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৫ হাজার ৯১৪ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৩০৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ২৪১ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৬৯ হাজার ৪৬৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫২ হাজার ৪১৮ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩০ লাখ ৭১ হাজার ৮২২ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৯ হাজার ৪৫১ জন।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৯২ লাখ ৪৫ হাজার ৩০১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৬২ হাজার ১৪৭ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম।










