বার্তা৭১ ডটকমঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ নেই। বুধবার ঢাবি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের দায়ের করা রিট আবেদন খারিজ করে দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ।
এর আগে মঙ্গলবার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট সুব্রত চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন এডভোকেট এ এফ এম মেজবাহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
১৬ মার্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
একই সঙ্গে এ সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন সিদ্ধান্ত নেয়ার কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চান আদালত।
প্রসঙ্গত, মিনারা বেগম ও রুহুল আমিনসহ ২০১৫-১৬ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের ২৬ জন অভিভাবক এই রিট আবেদনটি দায়ের করেন।
২০১৪ সালের ১৫ অক্টোবর ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়া যাবে না বলে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।










