
বুরুণ্ডির উত্তরপূর্বাঞ্চলের একটি গ্রামে ডাইনী সন্দেহে এক মহিলাকে গ্রামবাসীরা কুপিয়ে হত্যা করে। এ সময় এক নবজাতক ও ২ শিশুসহ তার পরিবারের অপর ৫ সদস্যকেও কুপিয়ে হত্যা করা হয়। রোববার কিরুন্ডো প্রদেশের গভর্নর রেভেরিন এনজিগামাসাবো বলেন, ‘শনিবার একদল লোক মার্থা কাবাটেসি নামে এক বৃদ্ধার ঘরে হামলা চালায়।’ সেখানেই হত্যাকাণ্ড ঘটে। তিনি এএফপিকে বলেন, ‘তারা তাকে কেটে টুকরো টুকরো করে হত্যা করে।’ এর পর হামলাকারীরা মহিলার দুই মেয়ে ও তিন মাস বয়সী এক শিশুসহ ৩ নাতনীর ওপর হামলা চালায়। হামলাটিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে রেভেরিন বলেন, ‘আক্রান্তদের সকলের মাথা ও গলা কেটে হত্যা করা হয়।’ তিনি জানান, ওই এলাকায় বিভিন্ন মৃত্যুর ঘটনার জন্য বৃদ্ধাকে দায়ী করা হয়।











