
বার্তা৭১ ডটকমঃ বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন নয় লাখ ছয় হাজার ৩৩ জন। এদের মধ্যে ৪২৬ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি)। রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ১২ হাজার ৮৪৮ জন এবং নারী ৫৬ হাজার ৫০৫ জন। বিজ্ঞতিতে আরো জানানো হয়, ঢাকা বিভাগে ৪৫ হাজার ৯১৪ জন। ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ৩৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ হাজার ৭০৩ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ৯৬৫ জন, রংপুর বিভাগে ১৫ হাজার ২১৮ জন, খুলনা বিভাগে ১৯ হাজার ৮০২ জন, বরিশাল বিভাগে ৯ হাজার ১৯৮ জন ও সিলেট বিভাগে ১৩ হাজার ১৯৬ জন রয়েছেন।










