
বার্তা৭১ ডটকমঃ তথ্য মন্ত্রণালয়ের নতুন নাম রাখা হয়েছে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। ইংরেজিতে ‘Ministry of Information and Broadcasting’। সোমবার (১৫ মার্চ) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি তথ্য মন্ত্রণালয়ের নামে এই পরিবর্তন এনেছেন। একই সঙ্গে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
জানা গেছে, তথ্য মন্ত্রণালয় যে কাজ করে নামে এর পুরো প্রতিফলন নেই। তথ্য মন্ত্রণালয়ের কার্যপরিধিতে তথ্য ছাড়াও একটি বড় অংশজুড়ে রয়েছে ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যম সংক্রান্ত কার্যাবলি। তাই নামে ‘সম্প্রচার’ শব্দটি যুক্ত করার উদ্যোগ নেয়া হয়।
মন্ত্রণালয়গুলোর নাম ও কার্যপরিধি রুলস অব বিজনেসে উল্লেখ থাকে। এটি প্রণয়ন করে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রণালয়ের নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব তথ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদনের জন্য পাঠানো হয় প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এখন নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হলো।










