ঢাকা, ১৭ ডিসেম্বর: দুই নেত্রীর অবসরে যাওয়ার দাবিতে গড়বো বাংলাদেশ এর আহবায়ক ড. শাহেদা ওবায়েদের ডাকা আধাবেলার হরতালে বিন্দুমাত্র সাড়া মেলেনি।দলটির কোনো নেতাকর্মিকে পিকেটিং করতেও দেখা যায়নি। রাজধানীর বিভিন্ন স্পট ঘুরে কোথাও হরতালের আলামত দেখা যায়নি। বরং নগরীর জীবনযাত্রা ছিল বরাবরের মতই কর্মব্যস্ত ও স্বাভাবিক।
ড. শাহেদা বলেন, দুই নেত্রীর ঝগড়ার কারণে দেশ ক্রমশই পিছাচ্ছে। এই অবস্থা চলতে পারে না। তার দাবি দুই নেত্রী রাজনীতি থেকে সরে দাঁড়ালে কেবল দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। তাই এই দুই নেত্রীর সরে যাওয়ার দাবিতে তিনি হরতাল আহবান করেন।
হরতাল কর্মসূচি পালনের মত সাংগঠনিক শক্তি আছে কিনা জানতে চাইলে ড. শাহেদা বলেন, যারা দেশের উন্নয়ন ও শান্তি চান তারা অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন।
ড.শাহেদা ওবায়েদ সোমবার হরতাল আহবানের পাশাপাশি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদকেও মহাজোট ছাড়ার আহবান জানিয়েছিলেন।
ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বিএনপির প্রয়াত নেতা কেএম ওবায়দুর রহমানের স্ত্রী ড. শাহেদা মনে করেন এইচ এম এরশাদ এখনো অনেক জনপ্রিয়। কিন্তু তার কথা ও কাজে মিল নেই বলে এই জনপ্রিয়তা কাজে লাগছে না।











