
ঢাকা, ১৩ জুন: জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের বৃহদান্ত্রের ক্যানসারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। আমেরিকার ম্যানহাটানের বেলভ্যু হাসপাতালের অংকোলজি বিভাগের প্রধান ডা. জেইন এবং ক্যানসার সার্জন জজ মিলারের নেতৃত্বে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টায় এই অস্ত্রোপচার শুরু হয়।
দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর চিকিৎসকেরা জানান, অস্ত্রোপাচার সফল হয়েছে। ক্যানসার ছড়ানো লিভারের তিনটি টিউমারকেই ‘লোকালাইজ অ্যাম্বুলাইজেশন’ এর মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
অস্ত্রোপচার শেষ হওয়ার আড়াই ঘণ্টা পর হুমায়ূনের চেতনা ফিরে আসে। সে সময় তিনি স্ত্রী মেহের আফরোজ শাওন ও উপস্থিত সুহৃদদের সঙ্গে কথা বলেন।
হুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশনা সংস্থা অন্য প্রকাশের স্বত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম জানান, রিকভারি ইউনিট থেকে বুধবার ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টা লেখককে পোস্ট অপারেটিভ ইউনিটে রাখা হবে। পরে সেখান থেকে হুমায়ূন আহমেদকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে নেয়া হবে বলে আশা করা হচ্ছে। প্রায় সপ্তাহখানেক তাকে হাসপাতালে থাকতে হতে পারে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে জনপ্রিয় এই লেখকের ক্যানসার ধরা পড়ে। এরপর তিনি নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান-কেটরে ক্যান্সার সেন্টারে চিকিৎসা নেন। দুই পর্বে মোট ১২টি কেমো থেরাপি নওয়ার পর তার এমআরআই করা হয়। এর প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোচপারের আগে পরিবার-আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গত মাসে দুই সপ্তাহের জন্য দেশে আসেন এই কথাসাহিত্যিক।









