
ঢাকা, ১৫ মে: আজ থেকে ঢাকা ও সিলেটের মধ্যে নতুন আরেকটি আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হচ্ছে।
রেল মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সিলেট অঞ্চলের কালনী নদীর নামে বাংলাদেশ রেলওয়ে ‘কালনী এক্সপ্রেস’ নামে ঢাকা ও সিলেট রুটে নতুন আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু করছে।
যোগাযোগমন্ত্রী এবং রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর কমলাপুর স্টেশনে নতুন এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন বলে এই কর্মকর্তা জানান।
এর আগে বাংলাদেশ রেলওয়ের যুগ্ম-মহাপরিচালক (অপারেশন) এস এম মিয়া জাহান বলেন, রেলপথে আরামদায়ক ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের চাহিদা মেটানোর জন্য তারা বিভিন্ন রুটে আরো আন্তঃনগর ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা গ্রহণ করেছেন।
তিনি বলেন, যাত্রী সংখ্যা বাড়ায় এবং জনগণের নিরাপদ, আরামদায়ক ও কম খরচে ভ্রমণের বিষয়টি বিবেচনা করেই তারা পরিকল্পনা গ্রহণ করেন।
মিয়া জাহান বলেন, কালনী এক্সপ্রেস প্রতিদিন বিকেল ৩টায় সিলেটের উদ্দেশে ঢাকা ছাড়বে এবং সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে সিলেট থেকে ছেড়ে আসবে। এই ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত বগি এবং প্রথম শ্রেণীর বগিসহ চারটি ক্যাটাগরির মোট ১২টি বগি থাকবে।
ঢাকা ও সিলেট রুটের নতুন এ ট্রেনটি শুধু শায়েস্তাগঞ্জ, কুলাউড়া, শ্রীমঙ্গল ও ঢাকা বিমান বন্দর স্টেশনে থামবে। এ ট্রেনটির ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকায় আসতে ৬ ঘণ্টা সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।









