
সুদানের রাজধানী খার্তুমের ইয়ারমোউক সামরিক অস্ত্র কারখানায় বুধবার ভোরে কয়েক দফা বিস্ফোরণের পর আগুন ভয়াবহ রূপ নেয়। প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানায়।
সুদানের মিডিয়া সেন্টার জানায়, কর্তৃপক্ষ এল ইয়ারমোউক সামরাক অস্ত্র কারখানার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
খার্তুমের কাছাকাছি এলাকায় বাস করা এক প্রত্যক্ষদর্শী বলেন, “এটি একটি সামরিক কারখানা। আমি ওই কারখানা থেকে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি।”
অপর এক বাসিন্দা বলেন, আমি ঘটনাস্থল থেকে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। দমকল বাহিনীর একটি গাড়ি ঘটনাস্থলে রয়েছে এবং সৈন্যরা ওই এলাকা ঘিরে রেখেছে।
খার্তুম রাজ্যের গভর্নর আব্দুল রহমান আল-খিদার সরকারি টেলিভিশনকে বলেন, মঙ্গলবার মধ্যরাতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এর পরপরই কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, গুদাম ঘরের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণের কথা তিনি নাকচ করেন।
খিদার জানান, ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়া বেশ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাদের সংখ্যা কতো তা জানানো হয়নি।












