
বার্তা৭১ ডটকমঃ সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর স্ত্রী সেলিমাআফরোজ চৌধুরী দীর্ঘদিন রোগভোগের পর লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি……….রাজিউন) ।
লন্ডনে বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার রাশেদ জানান, ৭১ বছর বয়সী আফরোজ চৌধুরী পক্ষাঘাতসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। এর মধ্যেই হৃদরোগে আক্রান্ত হলে গত সপ্তাহে তাকে লন্ডনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরিস্থিতির অবনতি হলে তাকে রাখা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা মঙ্গলবার রাত ১০টা ৫৮ মিনিটে লাইফ সাপোর্ট খুলে নিয়ে সেলিমা আফরোজকে মৃত ঘোষণা করেন। আবদুল গাফ্ফার চৌধুরী ও তাদের তিন সন্তান এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
চার মেয়ে এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সেলিমা আফরোজ। ১৯৭৫ সালে গুরুতর অসুস্থ হলে স্বামীর সঙ্গে লন্ডনে আসেন সেলিমা আফরোজ। তারা লন্ডনে থাকা অবস্থাতেই বাংলাদেশে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গাফ্ফার চৌধুরী-সেলিমা আফরোজ দম্পতি এরপর আর দেশে ফিরে যাননি।
মঙ্গলবার হাসপাতালে সেলিমা আফরোজের অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধুর মেয়ে শেখ রেহানা, বর্তমানে লন্ডনে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শেখ সেলিমসহ অনেকেই হাসপাতালে যান। ৫৬ বছরের জীবনসঙ্গীকে হারিয়ে ভেঙে পড়া গাফ্ফার চৌধুরীকে সান্তনা দেন তারা।









