বার্তা৭১ ডটকম : সিঙ্গাপুরে নিয়েও বাঁচানো গেল না নয়াদিল্লির বাসে ধর্ষিত মেডিকেলের ছাত্রীকে।ওই ধর্ষণের বিচার দাবিতে ভারতজুড়ে আন্দোলনের মধ্যে শনিবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যু হয়েছে তার। রয়টার্স অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
গত ১৬ ডিসেম্বর ধর্ষণ ও মারধরের পর ২৩ বছরের ওই তরুণীকে দিল্লির রাস্তায় চলন্ত বাস থেকে ফেলে দেয় ছয় পুরুষ সহযাত্রী।
দিল্লির হাসপাতালে তিনটি অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য বুধবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ওই তরুণীকে সিঙ্গাপুরের হাসপাতালে নেয়া হয়।
উন্নত চিকিৎসার জন্য গত ২৭ ডিসেম্বর সিঙ্গাপুরে পাঠানো হয় তরুণীটিকে। ভর্তি করা হয় মাউন্টি এলিজাবেথ হাসপাতালে।
ওই হাসপাতালেই শনিবার ভোর পৌনে ৫টায় (স্থানীয় সময়) চিকিৎসকরা ওই তরুণীকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা কেলভিন লোহ এক বিবৃতিতে বলেন, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে রোগীটি মারা গেছেন। মৃত্যুর সময় তার পাশে পরিবারের সদস্যরা ছাড়াও ছিলেন ভারতের হাইকমিশনারও।
ওই তরুণী ধর্ষিত হওয়ার পর ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ধর্ষণকারীদের মৃত্যুদন্ড এবং নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মিছিল, সমাবেশ ও বিক্ষোভ চলছে দেশটিতে।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এই পর্যন্ত ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।











