
দেশে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করে জাতীয় পার্টি (জেপি)-র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে
সাক্ষাৎ করেছেন। এ সময় প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
জেপি’র ৯ সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন- দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য আমেনা বারী, আবদুর রহিম, শাহ রফিকুল বারী চৌধুরী, কর্নেল (অব.) আবদুল লতিফ মল্লিক, মফিজুল হক বেবু ও অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী।
জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে তারা দেশে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন। জেপি নেতারা বলেছেন, দেশে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে সকল রাজনৈতিক দলকে এমনভাবে কাজ করা উচিত যেন এই প্রক্রিয়া কোনভাবেই ব্যাহত না হয়।
শেখ শহীদ আরও জানান, সকলের অংশগ্রহণের মাধ্যমে আগামীতে দেশে যেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় সেটির ওপরও জেপি গুরুত্ব আরোপ করেছে। হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত প্রায় পৌনে দুই ঘণ্টার এই বৈঠকে অত্যন্ত খোলামেলা আলাপ-আলোচনা হয়েছে বলেও জানান তিনি।









